বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার সকালে দায়িত্বশীলদের বৈঠকের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণ করে।
শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহর আমির আবিদুর রহমান সোহেল ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ২৯ জন।
আসনটি তারেক রহমান ছেড়ে দিলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। আগামী ২ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন এবং ৯ এপ্রিল ভোট গ্রহণ।
এদিকে, আসন্ন উপনির্বাচনে বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে দলটি। তিনি শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।






মন্তব্য