১৭ অক্টোবরের ছুটি বাতিল, দুর্গাপূজায় টানা ৩ দিন সরকারি ছুটি

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে আগের ঘোষণায় ছুটির দিন হিসেবে বিবেচিত ১৭ অক্টোবর (শনিবার) এখন আর ছুটির দিন থাকছে না। ওই দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—সরকারি ছুটি থাকবে।

একই প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার কথা জানানো হয়েছে।

যেসব সেবা ছুটির বাইরে

প্রজ্ঞাপনে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন সেবাকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবা।

এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীদেরও ছুটির আওতায় রাখা হয়নি।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এ ছুটির বাইরে থাকবে।

ব্যাংক ও আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য