ফরিদপুরের নগরকান্দায় কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধীদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত এবং এসআই কামাল হোসেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সব সদস্য, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “রাষ্ট্রের জনগণ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হন জনগণের সেবা করার জন্য।”
তিনি আরও বলেন, “এই চেয়ারম্যান হয়তো ভালো কাজ করছেন বলেই আপনারা তাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছেন।” জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে চারপাশের সবকিছুকেই ভালো মনে হবে।
পরে কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।




.jpg)

মন্তব্য