পূজায় কারা পাচ্ছেন ৩ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

  • নিজস্ব প্রতিবেদক:
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ০২:১০:০০
  • কপি লিঙ্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার ও ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকবে।

এ ছাড়া ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

যেসব সেবা ছুটির আওতামুক্ত

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের জন্যও ছুটি প্রযোজ্য হবে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।

জরুরি কাজে সম্পৃক্ত অন্যান্য অফিসও প্রয়োজন অনুযায়ী চালু থাকবে।

ব্যাংক ও আদালতের ক্ষেত্রে যা হবে

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে, আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

কল-কারখানায় ছুটি নির্ধারণ

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সরকারের এ প্রজ্ঞাপনের ফলে দুর্গাপূজার সময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি স্পষ্ট হলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য