ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। ফগার মেশিন হাতে নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল জিসান মিয়া ও ছমাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে কর্মসূচিতে আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ সংগঠনের অন্যান্য তরুণ নেতাকর্মী অংশ নেন।
এ সময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যেই তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।




.jpg)

মন্তব্য