সফটওয়্যার জটিলতার কারণে দেশের প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এ সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। সফটওয়্যারটি চালু হলে উপজেলা পর্যায় থেকেই ভুক্তভোগীরা তাদের এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। ফলে এসব নাগরিককে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এনআইডি লক-সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান পাওয়া যাবে।
তিনি আরও জানান, বর্তমানে যেসব নাগরিক তাদের এনআইডি লক থাকার বিষয়টি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন, তাদের পরিচয় যাচাই করে আনলক করে দেওয়া হচ্ছে।
নতুন সফটওয়্যার চালু হলে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।




.jpg)

মন্তব্য