উচ্চ মূল্যস্ফীতির মধ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় পোশাকশ্রমিকেরা প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন মাত্র ৩০ টাকা কেজি দরে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালুর পরিকল্পনা করা হয়েছে। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) থেকে কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সরবরাহ করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাবের পাশাপাশি প্রয়োজনীয় অর্থ ও চালের সংস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দের প্রয়োজন হবে। পাশাপাশি ট্রাক পরিচালনা, চাল পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।
পোশাকশ্রমিকদের জন্য বিশেষ এ ওএমএস কার্যক্রম চলতি নভেম্বর মাসেই শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার। গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সংসারের খাদ্য ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।




.jpg)

মন্তব্য