১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন, সুদের হার ৭ শতাংশ; থাকছে ছয় মাসের কিস্তি পরিশোধে বিরতি

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীরা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় যুক্ত করতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী, বিদেশফেরত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং নারী উদ্যোক্তারাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন।

ঋণের পরিমাণ ও জামানতের শর্ত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না। এ ধরনের ঋণের বিপরীতে ব্যাংক চাইলে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।

থাকছে ছয় মাসের কিস্তি পরিশোধে বিরতি

ঋণগ্রহীতাদের সুবিধার্থে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতির সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ ঋণ গ্রহণের পর প্রথম ছয় মাস পর্যন্ত কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।

যে উদ্দেশ্যে এ উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যারা ঋণ পেতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা।

বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নতুন এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। অর্থাৎ আগ্রহীরা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নয়, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ ঋণ সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য