দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীর পরিবারকে ২৯ বছর বেতন দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনাটা

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। প্রতিষ্ঠানটির প্রয়াত কর্মী মো. আসাদুজ্জামানের পরিবারকে তার অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত আগামী ২৯ বছর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও পাবে পরিবারটি।

মো. আসাদুজ্জামান (৩১) রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।

আসাদুজ্জামানের মৃত্যুর পর তার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যতিক্রমী উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। তার জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার ঘোষণা দেন।

সম্প্রতি ওই ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে রেনাটার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘোষণার সত্যতা নিশ্চিত হওয়ার বিষয়টি জানা যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামানের পরিবারকে আগামী ২৯ বছর তার নির্ধারিত বেতন দেওয়া হবে। এর সঙ্গে যুক্ত হবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও।

আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের সঙ্গে থেকে পড়াশোনা করছে। আকিবের মা চাকরি করেন।

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সঙ্গে সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম। চার বছর আগে সুন্দরী খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল আসাদুজ্জামানের।

মাত্র ৩১ বছর বয়সে আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়লেও রেনাটার এই দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার ঘোষণা তাদের ভবিষ্যৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য