পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বন্ধুদের জন্য বউ চাইলেন কলেজছাত্র!

  • ফরিদপুর প্রতিনিধি:
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে বন্ধুদের জন্য সরকারের কাছে ‘একটি করে বউ’ চেয়েছেন এক কলেজছাত্র। এমন ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী (১৮)। তাঁর লেখা পরীক্ষার খাতা শিক্ষকদের নজরে আসার পর বিষয়টি নিয়ে কলেজজুড়ে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষয়টি সামনে আসে। এর আগে খাতা মূল্যায়নের সময় ইসলামী ইতিহাস বিষয়ের শিক্ষক ওই শিক্ষার্থীর উত্তরপত্রে এমন লেখা দেখতে পান। পরে তিনি বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান।

কলেজ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার ইসলামী ইতিহাস বিষয়ে অংশ নেয় ফয়সাল। সে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।

পরীক্ষার উত্তরপত্রে ফয়সাল লিখেছে, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।’ এরপর বন্ধু অভি ও ছামিরের কথা উল্লেখ করে সে সরকারের কাছে তাদের জন্য একজন করে স্ত্রী দেওয়ার আবেদন জানায়।

কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তিন-চার দিন ধরে খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর উত্তরপত্রে এসব লেখা দেখতে পান তিনি। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান। একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এমন লেখা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। কলেজ কর্তৃপক্ষ তাঁকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলী ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য