আবারও বাড়লো তেলের দাম

  • ডেস্ক
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এ পর্যায়ে উঠল। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে ছিল। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
 
ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর দাবি, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার—‘এনসেলিয়া’ ও ‘লায়লা’—লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে একটি ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়ায়। সে সময় হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। সংঘাত আরও তীব্র হলে এপ্রিলে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে পৌঁছায়।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে মে মাসের শেষ দিকে তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যুদ্ধবিরতির সম্ভাবনায় জুলাইয়ের শুরুতে তা কমে প্রায় ৭১ ডলারে দাঁড়ায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা ভেঙে যাওয়া এবং পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য