ফরিদপুরের চরভদ্রাসনে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পথনাট্য, গান ও সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় পদ্মা নদীর পাড়সংলগ্ন মনোরম পরিবেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ওকাপ (OKUP) ও CLAIM প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফিল্ড অফিসার রেজাউল করিম, সাংস্কৃতিক কর্মী বিন্দু বন্ধু ও সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।
গান ও পথনাট্যের মাধ্যমে বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকা এবং অভিবাসন-সংক্রান্ত অধিকার সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, পদ্মার পাড়সংলগ্ন এ স্থানটি চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষের কাছে অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। পাশাপাশি বিভিন্ন ঘাট দিয়ে চলাচলকারী মানুষেরও এখানে সমাগম ঘটে।
জনসমাগমপূর্ণ এ স্থানে পথনাট্য ও গানের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এতে বিদেশগামী ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও নিরাপদ অভিবাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ, দালালচক্রের প্রতারণা এড়িয়ে চলা এবং বৈধ পথে বিদেশ গমনে মানুষকে উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকলে চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে নিরাপদ অভিবাসন বিষয়ে ইতিবাচক সচেতনতা তৈরি হবে।




.jpg)

মন্তব্য