দেশ ছাড়ার চেষ্টা, ইউক্রেনের সাবেক মন্ত্রী আটক

  • ডেস্ক
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের এক সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন। জ্বালানি খাতে বৃহৎ দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো ‘ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন’ (ন্যাবু) এক বিবৃতিতে জানায়, ‘মিডাস মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে।’ ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির বিস্তৃত তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এটিই গত বছর বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল।

ন্যাবু জানায়, ‘আইনের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’ তবে সংস্থাটি সাবেক মন্ত্রীর নাম প্রকাশ করেনি।

আটক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষায় কাজ করা ঠিকাদারদের কাছ থেকে কমিশন বা ঘুষ গ্রহণ। এ ঘটনার জেরে গত বছর প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির অনুরোধে দায়িত্বে থাকা এবং সাবেক উভয় জ্বালানিমন্ত্রী পদত্যাগ করেন। যদিও তারা দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্তকারীরা জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এনারগোয়াটম, যা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কাজের জন্য অর্থ পরিশোধের সময় এ অর্থ আত্মসাৎ করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত বছর দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ডজনখানেক স্থাপনায় তল্লাশি চালায় বলে জানানো হয়।

ইউক্রেনে দুর্নীতির অভিযোগ নতুন নয়। ২০২৩ সাল থেকে ন্যাবু একাধিক কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ) জানায়, দেশটির সামরিক বাহিনীর অস্ত্র কেনাকাটায় প্রায় ৪০ মিলিয়ন ডলারের একটি বৃহৎ দুর্নীতির চক্রের সন্ধান পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য