ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–ফরিদপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে ভাঙ্গা থানাধীন আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের সামনে ঢাকা–ভাঙ্গাগামী হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির কারণে ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৫৬ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।
এতে ঢাকা–ফরিদপুরগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনায় আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা সার্কেল এবং ভাঙ্গা থানার পুলিশ রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে সার্ভিস লেন ব্যবহার করে যান চলাচলের ব্যবস্থা করে। বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও সার্ভিস লেন দিয়ে চলাচল অব্যাহত ছিল। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।






মন্তব্য