কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প স্কুল মাঠে আজ রবিবার গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে এক মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারদল ক্যাম্পে আসা গর্ভবতীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে গর্ভবতী মায়েদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই মাতৃত্বকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়। করোনাকালীন সময়ে প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসাসেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এ ছাড়াও এই ক্যাম্পে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।
সেনানিবাস সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার জেলার গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনী এ উদ্যোগ গ্রহণ করেছে।
এ ছাড়াও করোনাভাইরাসের এই দুর্যোগ সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনাবাজারসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য