এবার ২০২০-২১ অর্থ বছরে ৫৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট পেয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৫ লক্ষ টাকা বেশি।
বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন এই বাজেটের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিলো ৫৩ কোটি ৮৭ লক্ষ টাকা। তবে চলতি অর্থবছরের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কিছুটা বাড়লেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদানকৃত অনুদানের (বিমক অনুদান) পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা কমেছে। চলতি অর্থ বছরে বিমক অনুদানের পরিমাণ ৩২ কোটি ২ লক্ষ টাকা যা পূর্বের অর্থ বছরে ছিলো ৩২ কোটি ৩৭ লক্ষ টাকা। এছাড়া চলতি অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিলো ২১ কোটি ৫০ লক্ষ টাকা যা চলতি বছরে হয়েছে ২২ কোটি টাকা।
বাজেটে পূর্বের অর্থ বছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য