সদরপুরে 'একটি শ্লীলতাহানির মামলা' উপন্যাসের পাঠ উন্মোচন হয়েছে 

  • বিনোদন প্রতিবেদক
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:১৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার ২২ রশি জমিদার বাড়িতে গতকাল শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে 'একটি শ্লীলতাহানির মামলা' নামে উপন্যাসের পাঠ উন্মোচন হয়েছে।

একটি শ্লীলতাহানির মামলা। একটি উপন্যাস। আবার বড় গল্পও বলা যেতে পারে। তবে এই আখ্যানের মূল উপজীব্য মানুষের প্রবৃত্তিগত অপরাধ প্রবণতা থেকে সৃষ্ট জটিলতা ও অসহায়ত্ব। একজন নারী নানা উপায়ে ধর্ষিত অথচ সমাজে সেটি প্রকাশিত নয়। নারীটি এই তথ্য নিজের মন থেকে ঝেড়ে ফেলতে পারে না। অথচ সত্য উন্মোচিত হবার ভয়ে প্রভাবশালীদের মনোরঞ্জনের খোরাক হয়ে সমাজে আর দশটা স্বাভাবিক নারীর মত জীবন যাপন করতে চায়। কিন্তু সেই প্রভাবশালীরাই তার রুটি-রুজির প্রতিবন্ধক হয়ে ওঠে। একজন মধুপানকারী প্রভাবশালীর কথায় নারীটি একজন ভদ্রলোকের বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির মামলা করে বসে এক সময়। আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হবার শেষ প্রান্তে এসে তার হুশ ফিরে আসে এবং আত্মসচেতন হয়ে ওঠে। উপন্যাসটি এভাবেই সাজিয়েছেন লেখক মাতুব্বর তোফায়েল হোসেন। 

এই উপন্যাসের লেখক মাতুব্বর তোফায়েল হোসেন একজন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। ছোটবেলা থেকেই তাঁর লেখালিখির শখ। ২০০৮ সালে বিশাকা প্রকাশনী থেকে প্রকাশিত 'এক তৃতীয়াংশ অতীত দুই তৃতীয়াংশ ভবিষ্যত' প্রথম গ্রন্থ। এটি একটি কবিতার বই। ২০১৭ সালে প্রকাশিত গল্পের বই 'গল্প শুরুর আগে'। ফেসবুকের বিভিন্ন সাহিত্য পাতায় এবং অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তার অন্যান্য গ্রন্থ গুলোর মধ্যে রয়েছে-
রাজনীতির কবি কথা (শিশুতোষ উপন্যাস), ফিরে দেখা বঙ্গবন্ধু (প্রবন্ধ), মোটরসাইকেলের আয়নায় সুন্দরীর মুখ (ছোটগল্প)। 


তোফায়েল হোসেন পেশায়  সহকারী উপজেলা শিক্ষা অফিসার। সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তাঁর লেখার চর্চাটি অব্যাহত আছে। পেশাগত ব্যস্ততার বাইরে ভ্রমণ, বই পড়া ও নানা বিষয়ে লিখে অবসর সময় পার করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক কন্যার জনক। তিনি ১৯৮২ সালের ২৬ অক্টোবর জন্ম গ্রহণ করেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পড়ারণ গ্রামে।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে লেখক তোফায়েল হোসেন বলেন, এটা আমার লেখা ৫ নাম্বার বই। আমার লেখা বাকি বই গুলোর মতো এটাও পাঠকের মন জয় করবে বলে আমি আশা করছি। যেহেতু করোনা ভাইরাস চলছে তাই অনুষ্ঠানটা ছোট করে করা হলো তবে সেপটোস ফোরের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি সফল হতো না। সেপটোস ফোরের সদস্যদের জন্য আমার সৌজন্যে বেশ কিছু বই উপহার দেওয়া হবে আর সেপটোস ফোর লাইব্রেরীর জন্য আমার লেখা 'একটি শ্লীলতাহানির মামলা' উপন্যাসটি আজ উপহার দিলাম। 

এ সময় পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেজাউল করিম, সেপটোস ফোর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাওলাদার শামিম আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এইচ. সজীব, মুরাদ হোসেন, সিহাব, ভাস্কর ভৌমিক, হাসিবুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে লেখক তোফায়েল হোসেন উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য