বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই) উপজেলা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর এলাকার চৌরাস্তায় সমবেত হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর -১ আসন এর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জামায়াত ও এনসিপি উদ্দেশ্য করে খন্দকার নাসির বলেন, “এনসিপি এখনো আঁতুড়ঘর থেকে বের হতে পারেনি। তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।”
তিনি ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর ষড়যন্ত্রের কথা স্মরণ করে সতর্ক করে বলেন, “আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তাহলে পাল্টা জবাব দেয়া হবে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ সিকদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল হক রেজা, যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল মোল্লা,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব,উপজেলা যুবদলের আহ্বান মো: শাহীন মোল্লা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান জিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়ামত হাসান পারভেজ,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উলদৌল্রাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






মন্তব্য