যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৪০ জন পুলিশ মোতায়েন 

  • মো. শা‌হিনুল ইসলাম , সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) :
  • মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

ঈদ যাত্রায় নিরাপদ কর‌তে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে তারাই যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছেন। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা মহাসড়কে কাজ করে যাবেন বলে জানা যায়।

বিষয়টি আজ বি‌কে‌লে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম এবং শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। 

কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত ৪০ জন পুলিশ এবং সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা ও ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার পর্যন্ত ১০০ জন পুলিশ সদস্য  সহ সর্বমোট ১৪০জন মোতায়েন করা হয়েছে।

এছাড়া কমিউনিটি পুলিশ, মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম মহাসড়কে ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে। পাশাপাশি দুই মহাসড়কের কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাজনিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও মদনপুর এলাকায় দুটি রেকার এবং ঢাকা-সিলেট মহাসড়কে একটি রেকার প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের শিমরাইল মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।  প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যস্থলে যাতায়াত ক‌রে। সেজন্য মহাসড়কের এই স্থানটি বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। 

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম জানান, যানজট নিরসনে গতকাল থেকেই আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি,  এবার ঘরমুখো মানুষ কোনো দুর্ভোগ ছাড়াই সহজেই তাদের গন্তব্য স্থলে যেতে পারবেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য