সদরপুরে চন্দ্রপাড়া ট্রলার ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়

  • তানভীর তুহিন, সদরপুর থেকে:
  • রবিবার, ৩০ জুন ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ভাড়া বেড়ে গেলো অথচ কাগজে নেই কোন উল্লেখ, জানতে চাইলেও করা হচ্ছে সম্মানহানি। বাহ কি চমৎকার! বেশি দূরের কথা বলছি না, বলছি ফরিদপুর জেলার সদরপুরের চন্দ্রপাড়া ট্রলার ঘাটের কথা।

সদরপুরের জনসাধারণ ঢাকা যাতায়াতের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাওয়ার টু চন্দ্রপাড়া যাওয়া আসা করে।

তবে অবাক করার বিষয় হচ্ছে যে, এই ট্রলার ভাড়া গত কয়েক দিন আগে ছিল ৮০ টাকা, তা আজ জোরপূর্বক ১০০টাকা নেয়া হচ্ছে। কিন্তু টিকিটের গায়ে নেই কোন মূল্য উল্লেখ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও ভুক্তভোগীরা।

ভাড়া বেশি নেয়ার কারণ জানতে চাইলে সাধারণ যাত্রীদের অপমানমূলক কথা বলা হচ্ছে। বলা হয় উপর মহলের নির্দেশেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বড় বড় ঘাটের মত এই সব ছোট ট্রলার ঘাটও দুর্নীতিতে পিছিয়ে নেই। এর প্রতিকার চেয়ে এবং টিকিটের গায়ে স্পষ্টভাবে সু-নির্দিষ্ট মূল্য লেখার দাবি জানিয়েছে সাধারণ ভুক্তভোগী যাত্রীরা।

মন্তব্য