আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর নিষ্ঠুর ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গত ৯ মার্চ তারিখের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিকলীগ কর্মী আলা উদ্দিনের নৃশংস হত্যার মাস্টার মাইন্ড খুনি মির্জাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
প্রেস বিজ্ঞপ্তিতে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি ও দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করে আরো জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






মন্তব্য