আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন স্থগিতের দাবি সাবেক বিসিবি সভাপতি আমিনুলের

  • ক্রীড়া প্রতিবেদক
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্থায়ন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। জাতীয় দৈনিক ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে, বুলবুল চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান।

সেখানে তিনি বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নিজেকে পুনরায় বোর্ড সভাপতি হিসেবে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে তিনি আইসিসিকে অনুরোধ করেন, বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমের জন্য বিসিবিকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দিতে।

বিষয়টি সম্পর্কে এক সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন স্থগিত করার অনুরোধ করেছেন। আইসিসি এ বিষয়ে বিসিবিকে অবহিত করেছে।’

সূত্রটি আরও জানায়, ‘বিসিবি তাদের আইনজীবী দলের সঙ্গে আলোচনা করে আইসিসির কাছে এর জবাব পাঠিয়েছে।’ এ বিষয়ে মন্তব্য জানতে বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে বুলবুল নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গত বছরের বিসিবি নির্বাচন তদন্তের দাবিতে আবেদন করার পর এনএসসি তদন্ত কমিটি গঠন করে। তামিম দাবি করেছিলেন, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব তদন্তের পক্ষে সমর্থন জানিয়েছিল।

পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এনএসসি বিসিবির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় এবং প্রতিবেদনের পর্যবেক্ষণের আলোকে বুলবুলকে অপসারণ করে।

এর আগে ২০২৫ সালের ৩০ মে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করলে তিনি সভাপতির দায়িত্ব পান। ফারুক আহমেদ ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবির দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসানের বিদায়ের পর তিনি দায়িত্বে আসেন। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে নাজমুল হাসান আত্মগোপনে চলে যান।

গত ৭ এপ্রিলই তামিম ইকবালকে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল।

দুই মাস বিসিবি পরিচালনার পর ৭ জুন ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল বিসিবির সভাপতি নির্বাচিত হন। সাবেক এই বাঁহাতি ওপেনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য