ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন তাঁর নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও অন্য প্রার্থীকে সমর্থনের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসব কথা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
সোমবার এক বিবৃতিতে দোলন বলেন, “জনাব আবুল বাশার খান অর্থবিত্তশালী হলেও শুধুমাত্র সেই কারণে তাঁকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো—আমি সেই মানুষ নই। আমার পক্ষ থেকে তাঁকে সমর্থনের যে কথা বলা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।”
তিনি অভিযোগ করে বলেন, একটি সুপরিকল্পিত ও মেটিকুলাস নকশার মাধ্যমে তাঁকে নির্বাচন থেকে বিরত রাখতে একটি স্বার্থান্বেষী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়েই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
দোলন আরও বলেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তলে তলে বহুমুখী ষড়যন্ত্র করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে। বাইরে এক রকম, ভেতরে আরেক রকম—নির্বাচন নিয়ে গোপন একটি খেলা চলছে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “কেউ যদি আওয়ামী লীগ করার পর অন্য দলে যোগ দিতে পারে, তাহলে শুধুমাত্র একসময় কারো সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে কি কাউকে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করা যায়?”
নিজেকে জয়ী হওয়ার যোগ্য স্বতন্ত্র প্রার্থী দাবি করে দোলন বলেন, “আমি জনপ্রিয় বলেই আমাকে কোনো না কোনো তকমা লাগিয়ে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর সুফল পেতে চায় সেই রাজনৈতিক শক্তি, যারা মুখে এক কথা আর অন্তরে আরেক কথা লালন করে।”
সবশেষে তিনি বলেন, খুব শিগগিরই নির্বাচন ও ষড়যন্ত্র সংক্রান্ত সব বিষয় জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরবেন।
উল্লেখ্য, আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।






মন্তব্য