ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলনের ব্যাপক গণসংযোগ

  • ফরিদপুর প্রতিনিধি :
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)। নির্বাচনী এলাকায় তার পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন লক্ষ করা যাচ্ছে।

নির্বাচনের প্রচারণা ও ভোটের পরিবেশ সব প্রার্থীর জন্য সমান ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানিয়ে আরিফুর রহমান দোলন বলেন, “আমি আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এমন পরিবেশ বজায় রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।”

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৮৪ হাজার ৯৮৯ ভোট অর্জন করেছিলেন।

দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা আরিফুর রহমান দোলন বর্তমানে দৈনিক ঢাকাটাইমস, টাকাটাইমস২৪ ডটকম এবং সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক এবং প্রথম আলো-এর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশন-এ নিউজ এডিটর হিসেবেও কাজ করেছেন।

তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

এ ছাড়া সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া ফাউন্ডেশনটির অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য