চলতি বছরের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। এরপর ১৩ সেপ্টেম্বর তার নির্বাচনি এলাকা ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনটি শূন্য ঘোষণা করা হয়। এবার এই আসনের উপনির্বাচনে একই সঙ্গে মনোনয়ন চেয়েছেন সাজেদা চৌধুরীর দুই ছেলে।
দলীয় মনোনয়ন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু। এছাড়া ফরিদপুর-২ আসনে অন্যদের মধ্যে দলীয় মনোনয়ন চেয়েছেন- ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেজর (অব.) আতমা হালিম, সাংবাদিক লায়েকুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, নগরকান্দা সদরের চৌমুখা মহল্লার বাসিন্দা কালাচাঁদ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দার শশা গ্রামের বাসিন্দা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার কমোডোর (অব.) কাজী দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া, নগরকান্দার চর যশোহরদী ইউনিয়নের আবু ইউসুফ মিয়া, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান ও সাব্বির হোসেন।
আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপ-নির্বাচন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ফরিদপুর-২ আসনটি নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।






মন্তব্য