কাল বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস, নানা কর্মসূচি গ্রহণ

  • ডেস্ক
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২২:০০
  • কপি লিঙ্ক

বিশ্বের অন্যান্য দেশের মতো আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশে পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২০। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি ৬০টি সংস্থার যৌথ উদ্যোগে অনলাইন সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২০ উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন মজুমদার, মিডিয়া কমিটির আহ্বায়ক সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর 'হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি'-এই স্লোগান সামনে রেখে ৬০টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। চলমান করোনা পরিস্থিতিতে এ বছর বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে দিবসটি উপলক্ষে এবার কর্মসূচিকে ভিন্নভাবে সাজানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওয়েবিনার আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে হাঁটা ও সাইকেল চালানো উৎসাহিত করতে প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দৈনিক পত্রিকায় এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি, দিবসের দিন 'আমি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করব না' মর্মে অনলাইন ক্যাম্পেইন ও মত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার, লিফলেট এবং বিভিন্ন সড়কদ্বীপে ফেস্টুন স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে সত্তরের দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। ২০০৬ সাল থেকে দেশে বেসরকারি উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। তবে ২০১৬ সালে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এটি পালন শুরু হয়। এই দিবসের অঙ্গীকার অনুযায়ী সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য