ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যেমন আমেরিকা ইরানের কাছে পরাজিত হয়েছে, ঠিক তেমনি এই নৌ-অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে।
সোমবার (১৩ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও সিএনএন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুসারে, মোহসেন রেজায়ি নবঘোষিত মার্কিন নৌ-অবরোধকে 'ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য' বলে প্রত্যাখ্যান করেছেন।
পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরে জাহাজ আসা-যাওয়ার ওপর নৌ-অবরোধ আরোপের নির্দেশ দেন।
ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় রেজায়ি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যেমন আমেরিকা ইরানের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করেছে, তেমনি এই নৌ-অবরোধের ক্ষেত্রেও তারা পরাজিত হতে চলেছে।'
রেজায়ি জোর দিয়ে বলেন, মার্কিন অবরোধ প্রতিরোধে ইরানের সেনাবাহিনীর কাছে এখনও অনেক শক্তিশালী ‘অব্যবহৃত কৌশল’ এবং অপ্রকাশিত সক্ষমতা রয়েছে।
ট্রাম্পের ঘোষণার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানকে কারও টুইট বা ‘কাল্পনিক পরিকল্পনা’ দিয়ে দমন করা যাবে না।
রেজায়ির পাশাপাশি ইরানের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারাও একই সুরে কথা বলছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আপনারা লড়াই করলে আমরাও লড়াই করব।” অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জোর দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।






মন্তব্য