ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশ হামলায় নতুন করে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। স্থানীয় সময় আজ শুক্রবার খারকিভ ও ক্রামাতোৎস্ক শহরে এসব হামলা হয়। ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার সকালে পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি ৯ তলাবিশিষ্ট পাঠদানকেন্দ্রে গোলা হামলা হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়। ধ্বংসস্তূপে চাপা পড়েছে একজন।
শুক্রবার আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোৎস্কেও গোলা হামলা হয়েছে। এক অনলাইন পোস্টে শহরটির গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
আজ পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটির মেয়র দাবি করেছেন, বিমানবন্দরের পাশের একটি ভবনে এ হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, আজ সকালে লিভিভ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিমানবন্দর এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে বলেও উল্লেখ করা হয়। কেউ কেউ আবার বলেছিল, বিমানবন্দরেই হামলা হয়েছে।
পরে এক টেলিগ্রাম পোস্টে লিভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, বিমানবন্দরে গোলা হামলা হয়নি। এর পাশের একটি ভবনে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অবশ্যই এটি বিমানবন্দর ছিল না।’




.jpg)

মন্তব্য