সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান কারাগারে

  • ডেস্ক
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২২:০০
  • কপি লিঙ্ক

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী মাসুদ খান খোকন জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিন বিষয় শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। 

মামলার সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ির কাজ করতে গেলে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ সময় বাড়ির মালিক নগদ এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন চেয়ারম্যান ও তার লোকজন। পরে ভুক্তভোগী ওই বাড়ির মালিক ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য