মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দুজনের মৃত্যু

  • অনলাইন
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের লাগা আগুনে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। অগ্নিকাণ্ডের পর ওই ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে চারটি ও পরে আরো দুটি- মোট ছয় ইউনিটের চেষ্টায় ‍বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিকেল ৩টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল বলেন, হাসপাতালে নেওয়া দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান।

মারা যাওয়া নারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য