সদরপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, ১০ মাসের শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ আরিশাকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে আসছিলেন মাহুত। অভিযোগ রয়েছে, হাতিটি শুঁড় উঁচিয়ে চলাচলকারী যানবাহন থেকে টাকা তুলছিল। একপর্যায়ে হাতিটি অটোরিকশার দিকে এগিয়ে এসে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় মায়ের সঙ্গে থাকা শিশু আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য