ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ঈদের নামাজ শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন এবং অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে টানা প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় সুবিধা বাদীরা ১০-১২টি গবাদিপশু, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপিনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী ও হাসান মুন্সীর পক্ষের সঙ্গে ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ছিল। কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জের ধরে ঈদের দিন তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এছাড়া স্থানীয় আধিপত্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি নিয়েও উত্তেজনা বাড়ে।
সংঘর্ষে দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ওবায়দুর নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন।






মন্তব্য