সদরপুরে যৌথবাহিনীর অভিযান: তাজা গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে পিস্তলের তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ সাদী (৩০)। তিনি একই এলাকার শেখ আবদুল কাদের ক্বারীর পুত্র বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা থেকে আসা যৌথবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে শেখ সাদীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ৭.৬৫ পয়েন্টের ২টি তাজা গুলি, ৪২০ পিস ইয়াবা, ১টি খেলনা পিস্তল, ২টি বড় রামদা, ১টি বড় ছোরা ও গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য