ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগ অফিস ভাংচুর এবং কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজারের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এর সভাপতিত্বে মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাতুব্বর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম নুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পরিষদ ভাংচুরের নেতৃত্বদানকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও তার ভাই মিঠু ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের সদস্য-সদস্যা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ইউনিয়নের হাজার হাজার জনগণ।
এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, কৃষ্ণপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ৫জনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার হওয়ায় কারণে কথা বলা সম্ভব হয়নি।






মন্তব্য