ফরিদপুরে জোর করে জায়গা দখলের অভিযোগে এ বি এল ব্রিক্সস অটোমেটিক ভাটার মালিক মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় শহরের সিএন্ডবি ঘাট এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান খান জানান, ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তালতলা বেড়িবাদ এলাকায় তালতলা হাট সংলগ্ন ১৮৬৪ খতিয়ানের ৫১৮২, ৫১৭২ দাগে তার ২৯ শতাংশ জমি রয়েছে। ওই জমিটি কিনে নেয়ার প্রস্তাব দেন ভাটা মালিক মো. সিদ্দিকুর রহমান। এ প্রস্তাব নাকচ করে দেন জমির মালিক লুৎফর রহমান খান।
এরপর থেকে ওই ভাটার মালিক মো. সিদ্দিকুর রহমান জোর করে তাদের মালিকানাধীন জায়গা দখল করে বিভিন্ন নির্মাণ কাজ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, সিদ্দিকুর রহমান গং অবৈধভাবে আমাদের জমি দখল করেই ক্ষান্ত হননি। প্রতিবাদ করতে গেলে আমাদের উপর নেমে আসে অত্যাচার, নির্যাতন, জুলুম ও পেশীশক্তির অপব্যবহার। গত ৯ ফেব্রুয়ারি তাদের জমিতে মাটি ফেলে ১১ ফেব্রুয়ারি একটি ছাপড়া ঘর ও রান্না ঘরের স্থানে বসানো হয় নলকূপ। ১২ ফেব্রুয়ারি তাদের জায়গায় একটি টয়লেট বাসানোর উদ্যোগ নিলে পুলিশকে জানানো হলে পুলিশ কাজ বন্ধ করে দেন।
এদিকে ডিক্রিরচর ইউনিয়নের মোশাররফের রেস্টুরেন্ট, মনোহরী দোকান, চায়ের দোকান বেকু দিয়ে জোরপূর্বক ভেঙে সমস্ত কিছু নদীতে ফেলে দেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নির্যাতিত জমির মালিক মো. সালাম শেখ, মো. মোশাররফ হোসেন, মোসলেম বেপারী ও জামাল খান।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য