রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক চালকের নাম মো. টিটু (৪২)।
তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
গতকাল রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের মালপত্র বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব।
কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে একটি মোটরসাইকেল দেখা যায়। পাশেই পড়ে ছিল মাহমুদ হাবিবের মরদেহ। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
মাহমুদ হাবিব বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষের ছাত্র। তিনি শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী এবং রাবি ড্রামা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন। হিমেলের পিতার নাম আহসান হাবিব হেলাল। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হাবিরের এক বন্ধু আহত হয়েছে।






মন্তব্য