অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জরুরি বার্তা দিল মন্ত্রণালয়

  • অনলাইন
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ০৫:০৬:০০
  • কপি লিঙ্ক

অন্যান্য মাসের তুলনায় জুনে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে—এমন অভিযোগের পর এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অতিরিক্ত বিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সূত্র থেকে জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হটলাইনেও অভিযোগ জানানো যাবে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন নম্বর ১৬৯৯৯। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) কল সেন্টার ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর কল সেন্টার ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর কল সেন্টার ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর কল সেন্টার ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কল সেন্টার ১৬১১৭।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিলসংক্রান্ত যেকোনো সমস্যায় গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য