অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর ‘লাইসেন্স’ দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি উপস্থাপিত এক নতুন প্রতিবেদনে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ইসরায়েলের ‘ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন’ এবং ফিলিস্তিনিদের জন্য ‘নির্যাতনমূলক পরিবেশ’ তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে।
আলবানিজ বলেন, ‘ইসরায়েলকে কার্যত নির্যাতনের লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ বিশ্বের অনেক সরকার ও তাদের মন্ত্রীরা এ ধরনের কর্মকাণ্ডকে নীরবে অনুমোদন দিয়েছেন।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ইসরায়েলি বাহিনী ১৮ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। আটকদের মধ্যে শিশুরাও রয়েছে। আটক অবস্থায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া হাজারো ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে এবং অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: আল-জাজিরা






মন্তব্য