বন্যার্তদের থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগ

সিলেটের মানুষ এখন মোকাবিলা করছে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির। সংকটাপন্ন এ অবস্থায়ও অভিযোগ উঠেছে হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যাত্রীদের অভিযোগ, বন্যার কারণে অনিয়মিতভাবে যানবাহন চলাচলের সুযোগ কাজে লাগিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া থেকে প্রায় ১০০ টাকা বেশি নিচ্ছেন বাসগুলোর শ্রমিকরা।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় সিলেটের সীমান্তিক মিডওয়াইফারী ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে হবিগঞ্জ ফিরছিলেন বন্যা কবলিত সানজিদা ইসলাম, পুষ্প আক্তার, নাহিদা আক্তার ও নাজমিন আক্তার জান্নাতসহ ৮ শিক্ষার্থী।

সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে হবিগঞ্জ পর্যন্ত তাদের কাছে মাথাপিছু ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে; অথচ এ জায়গার নিয়মিত ভাড়া ১৮০ টাকা।

একইদিন বিভিন্ন সময়ে সিলেট থেকে আসা কয়েকজন জানান, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে— এ অযুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে দিনভর যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা লেগেই ছিল।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, অতিরিক্ত ভাড়া নেয়ার একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে সমিতির নেতাদের সঙ্গে সভায় বসেছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য