সৌদি আরবের নারীরা এবার ট্রেনও চালাবেন। দেশটিতে ৩০ নারী ট্রেনচালকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন করেছেন অন্তত ২৮ হাজার প্রার্থী। খবর আল-জাজিরার।
খবরে বলা হয়েছে, রক্ষণশীল দেশটির নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে কাজের চাহিদা বেড়েছে।
স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানায়, শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো গেছে।
আগামী মার্চের মাঝামাঝি প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি।
রেলওয়ে অপারেটর রেনফে জানিয়েছে, ৩০ যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার পর তারা পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন। নতুন চালকদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।
বর্তমানে সৌদিতে তাদের ৮০ জন পুরুষ ট্রেনচালক রয়েছে। তারা নারীদের জন্য পদ সৃষ্টিতে আগ্রহী।
খবরে আরও বলা হয়, কয়েক বছর আগ পর্যন্তও সৌদি আরবে নারীরা শুধু শিক্ষকতা ও হাসপাতালকর্মী হিসেবে কাজের সুযোগ পেতেন। ২০১৮ সালের আগে তাদের গাড়ি চালানোও নিষিদ্ধ ছিল।






মন্তব্য