সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার দাবি

  • ডেস্ক
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২০ ০৯:৫৫:০০
  • কপি লিঙ্ক

জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের ঘটনার একমাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ধর্ষিতার পরিবার। আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছে ধর্ষিতার পরিবার।

শনিবার (৩ অক্টোবর) সকালে সরিষাবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মামলার বাদী ও ধর্ষিতার বাবা মো. তোফাজ্জল হোসেন এ অভিযোগ করেন। এ সময় ভিকটিম প্রতিবন্ধী শিশু ও তার মা উপস্থিত ছিলেন।

মামলার বাদী লিখিত বক্তব্যে জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের স’মিল শ্রমিক তোফাজ্জল হোসেন একচোখ দৃষ্টি প্রতিবন্ধী ও তার একমাত্র মেয়ে জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। গত ৩০ আগস্ট সকালে তিনি কাজে যাওয়ার পর ফিরতে রাত হয়ে গেলে তার স্ত্রী ও ছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে যান। এ সময় রাত ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার পরিবার এলাকায় বিচারপ্রার্থী হলে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ ও বিয়ের নামে কালক্ষেপণ করতে থাকে। এলাকায় প্রতিকার না পেয়ে ৯ সেপ্টেম্বর তিনি থানায় ধর্ষক মাসুদ রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু ঘটনার একমাস পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেপ্তার করেনি পুলিশ। তাই পরিবার নিয়ে তিনি আতঙ্কে দিন পার করছেন। তাই প্রশাসনের প্রতি তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পুলিশ সকল প্রযুক্তি ব্যবহার করে হলেও আসামিকে গ্রেপ্তার করবেই। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য