করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হলেও কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভীড় অব্যাহত রয়েছে।
বুধবার সরেজমিন কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজধানীমুখী যাত্রীদের ভীড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে কাঁঠালবাড়ি ঘাট। পদ্মা নদী পার হওয়ার জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যেন পারাপারে প্রতিযোগিতায় নেমেছে হাজার হাজার মানুষ। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরীযোগে পাড়ি দিচ্ছে মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন নেই ঘাটে।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, গত রোববার থেকে ৪/৫ টি ফেরীতে সীমিত আকারে যাননবাহন পার করা হচ্ছে। এদিকে ঢাকার গার্মেন্টসগুলো খোলার কারণে বিভিন্ন জেলা থেকে বিকল্প ভাবে ভেঙে ভেঙে ঘাটে এসে ফেরীতে করে ঢাকামুখী যাত্রীরা ফেরী পার হচ্ছে। তবে যাত্রীদের সাথে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবাদানকারী যানবাহন ও পার করা হচ্ছে। তবে বুধবার সকাল থেকে ঘাটে চলমান ১৭ টি ফেরীর মধ্য ২ টি রোরো, ২ টি ডাম্ব, ২ টি কে-টাইপ ও ১ টি মাঝারি ফেরী চালু আছে।
বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী শাহ আলম বাংলাদেশ জমিনকে জানান, খুব কষ্ট করে অনেক টাকা খরচ করে এই পর্যন্ত আইছি। কি করমু? আইজ অনেক দিন ধইরা বাড়িতে বসা, কোন কাজ নাই। ঢাকা যাই দেহি কোন কাজ পাই কিনা।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের সহকারি ব্যবস্থাপক সামসুল আরেফিন বাংলাদেশ জমিনকে জানান, সকাল থেকেই রাজধানীমূখী যাত্রীর অতিরিক্ত চাপ রয়েছে। আজ ৭টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য