<p class="solder">১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি</p>

শিবচরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬টি ঘর ও ৮টি ছাগল পুড়ে ছাই

  • ওয়াহিদ মুরাদ, শিবচর প্রতিনিধি:
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

পৃথক অগ্নিকান্ডে শিবচরে বসতঘরসহ ৬ টি ঘর ও ৮ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে। জানা যায়, শুক্রবার সন্ধায় উপজেলার বন্দরখোলা ইউনিয়নের সাড়ে বিশরশি ফরাজী কান্দি গ্রামের বেপারী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে জালাল বেপারীর বসতঘরসহ ২ টি ঘর ও নগদ ৫০ হাজার টাকা, তোতা বেপারীর ১ টি বসত ঘর ও ৮ টি ছাগল, আলতাফ বেপারীর বসতঘরসহ ২ টি ঘর ও সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে।

রান্না ঘরের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে একই দিন দুপুরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামে শাহিন মোল্লার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শাহিন মোল্লার একটি বসত ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, পৃথক অগ্নিকান্ডে পাশাপাশি দুইটি ইউনিয়নে ছয়টি ঘর পুড়ে গেছে। আমরা স্থানীয়দের সহায়তায় সময়মত আগুন নিয়ন্ত্রনে না আনলে আরো বড় ক্ষতির সম্ভাবনা ছিল।

মন্তব্য