সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হলোও তা-ই। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন বা-হাতি এই ওপেনার। আজ চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম।
এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এ বাঁহাতি ব্যাটার। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। ’
অবসর–পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তামিম বলেন, জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ। তিনি ধন্যবাদ জানান সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের, 'ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। '
আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেন তিনি। নিজ শহরের মাঠে সেই ম্যাচটি হয়ে থাকল বাঁহাতি তারকা ওপেনারের ক্যারিয়ারের শেষ। এর আগে, ২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন।




.jpg)

মন্তব্য