‘অমর একুশে বইমেলা-২০২০’ এ প্রকাশ হয়েছে লেখক ও সাংবাদিক মারিয়া সালামের দ্বিতীয় গল্পের বই ‘সময়ের কাছে’। দশটি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটির প্রচ্ছদ এঁকেছেন রিফাত বিন সালাম।
‘সময়ের কাছে’ বইটি নিয়ে মারিয়া সালাম বলেন, প্রতিটি গল্পের মূল চরিত্র নারী। গল্পগুলোতে চিত্রিত হয়েছে আমাদের সমাজের বিভিন্ন বয়সী নারীদের একান্ত অনুভূতির কথা, সমাজের মানুষ হিসেবে তাদের সীমাবদ্ধতার কথা। প্রিয় মানুষদের প্রতি তাদের আবেগের বহিপ্রকাশের ধরণ আর পরিবারের জন্য নারীর ত্যাগ— সবই উঠে এসেছে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে।
মারিয়া আরও বলেন, ছোট ভাইবোনের প্রতি দায়িত্ববোধ নিতুকে বাধ্য করেছে জীবন বিপন্ন করতে, বাড়ি পালানো মেয়ে অজন্তা রাস্তা থেকে তুলে এনেছে অনাথ শিশুকে, নতুন করে স্বপ্ন দেখেছে উঠে দাঁড়ানোর।
ছোট্ট শিশু স্নো নিজের ভীতি কাটিয়ে বৃদ্ধ ভিক্ষুকের জীবন বাঁচাতে পথে নেমেছে। আবার, জীবনে নাম-যশ-অর্থ সব পেয়েও একাকী জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছে জনপ্রিয় লেখিকা শায়েরা। জীবনের এসব টুকরো টুকরো ছবিই আমি আঁকতে চেষ্টা করেছি ‘সময়ের কাছে’ বইয়ের গল্পগুলোতে।
মারিয়া সালাম বলেন, প্রয়াত গল্পকার শাহরুখ পিকলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বইটিতে যুক্ত করা হয়েছে তার ছয়টি অণু গল্প। সেখানেও উঠে এসেছে মানবজন্মের নানা সংকটের চিত্র।
প্রকাশনা সংস্থা ‘কাশবন’ থেকে প্রকাশ হয়েছে বইট। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের কাশবন প্রকাশনার ৭১৬ নম্বর স্টলে।






মন্তব্য