সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
গণমাধ্যমকে পাঠানো এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
শোক বার্তায় কাজী জাফর উল্লাহ বলেন, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি'র রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের রাজনীতিবিদকে হারালাম, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহযোগিতাসহ সব ধরণের সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তিনি আমৃত্যু সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
শোক বার্তায় তিনি বলেন, ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সাহারা খাতুন ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি (৭৭) বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য