আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছুড়ি চাই না: ওবায়দুল কাদের

  • অনলাইন
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ০২:২৫:০০
  • কপি লিঙ্ক

পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব।

শনিবার দুপুরে রাজধানীর সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন। 

কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন? যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সে কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

সেতুমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন আবিস্কারের জন্য। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসের কারণে মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। দুই দেশেই গঠিত হয়েছে মেডিকেল টাস্কফোর্স। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কী বোঝোতে চান? এর ব্যাখ্যাটা কী? তিনি পরিস্কার করে কিছু বলেননি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিষয়?


 

মন্তব্য