সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিব (১৯) ছাত্র শিবিরের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের চারজনকে আটক করেছে।
আজ শনিবার (৩ আগষ্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার মাছখোলা শিবতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত ফারিব সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আজমীর হোসেন ফারিব সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।
গুলিবিদ্ধ ফারিবের পিতা শাহাদাৎ হোসেন জানান, সদর উপজেলার শিবতলার একটি মেসে শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক হোসেন সাদিকের নেতৃত্বে ফারিবসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে পৌঁছায়।
এ সময় ওই মেস থেকে শিবিরের ছেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা গুলি ছুঁড়লে ফারিব বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
তিনি আরও জানান, শিবিরের ছোড়া ইটের আঘাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় শিবিরের চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।






মন্তব্য