১৮ বছরের মধ্যে এবার শীর্ষে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • শনিবার, ২৭ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার ৫২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো।

রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের পরিচালককে নিজের অসহায়ত্বের কথা বলার পর নিজের নয় মাসের মেয়েকে ভর্তির সুযোগ পেয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা নাজমা বেগম।

এই হাসপাতালের মতো রাজধানীর অন্যান্য হাসপাতালেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার সন্ধ্যা নাগাদ প্রায় ২৫০ রোগী ভর্তি রয়েছেন এখানে। বিছানাতো দূরের কথা, পা ফেলার জায়গাও নেই বারান্দায়।

রোগীর চাপ সামাল দিতে এবং হাসপাতালে আসা প্রতিটি রোগীকে চিকিৎসা দিতে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৩ জন। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাতপাতালে ৪৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩২ জন, ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ইবনেসিনা হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১২ জন ও সেন্ট্রাল হাসপাতালে ৩১ জন।

মন্তব্য