বগুড়ায় ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রীর গর্ভপাত

  • অনলাইন
  • বুধবার, ০৯ ফেব্রুয়ারী ২০২২ ০৬:০২:০০
  • কপি লিঙ্ক

বগুড়ার শাজাহানপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে শিপন চন্দ্র হাওলাদার (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবক শিপন উপজেলার জালশুকা গ্রামের মৃত নিপেন চন্দ্র হাওয়ালাদারের ছেলে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

জানা গেছে, শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের শিপন প্রতিবেশী পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় গত বছরের ২০ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি যেন কেউ জানতে না পারে সে জন্য ভয়-ভীতি দেখায়। মেয়েটিও ভয়ে কাউকে কিছু জানায় না।

এভাবেই চলে যায় এ বছরের ২০ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে আরও কয়েকবার ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এতে করে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একপর্যায়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমতাবস্থায় অভিযুক্ত শিপন কৌশলে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গর্ভপাত ঘটায়। এতে করে প্রচুর রক্তপাত হয়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে ঘটনা খুলে বলে।

পরে মেয়েটির পরিবার স্থানীয়ভাবে বিচার চায়। স্থানীয় সালিসে সমাধান না হওয়ায় গত সোমবার (৭ ফেব্রুয়ারি) মেয়েটির মা বাদী হয়ে বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এ মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত রাতে আসামি শিপন চন্দ্র হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য